পানির তীব্র স্রোত আরিফাকে ভাসিয়ে নিয়ে যায়, ৭ ঘন্টা পর লাশ উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় বাড়ির সামনে স্লুইজ গেটের পাশে খেলতে গিয়ে পরে যায় আড়াই বছরের আরিফা নামের এক শিশু। এর ৭ ঘন্টা পর শুক্রবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ওই স্লুইজ থেকে প্রায় ৫ কি.মি দূরে জালপেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাল থেকে বানের জলে পরে যায় আরিফা। আরিফা একই এলাকার মো. আরিফ হাওলাদারের মেয়ে।

আরিফার দাদা মোজাম্মেল হাওলাদার সাংবাদিকদের জানান, আরিফার মায়ের কাছ থেকে সকালের ভাত খেয়ে সামনে খেলতে যায়। তখন বাড়ি সংলগ্ন খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় সেখান থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানির তীব্র স্রোতে আরিফাকে ভাসিয়ে নিয়ে যায়।

তিনি আরো জানান, নিখোঁজের হওয়ার স্থান থেকে প্রায় ৫ কি.মি দূর থেকে জালে পেচানো অবস্থায় জসিম উদ্দিন নামে এক জেলে উদ্ধার করে।

আরিফা পানিতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দেয়। বিকেল পাঁচটার দিকে ডুবুরিরা তল্লাশি শুরু করার কিছুক্ষণ পরে আরিফার মরদেহ উদ্ধার করার সংবাদ পায়।

এ ঘটনার খবর পেয়েই পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।