এখনই ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চায় না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাণিজ্য সম্প্রসারণ করলে তা কাশ্মিরের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘এমন পদক্ষেপ নেওয়া হলে তা হবে কাশ্মিরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ রোববার (৩০ মে) এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে এসব বলেন ইমরান খান।

ইমরান খান বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা হলে কাশ্মিরিদের সংগ্রাম এবং এক লাখেরও বেশি কাশ্মিরি শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, ‘ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই আলোচনা ও সংলাপের মাধ্যমে কাশ্মির সংকটের সমাধান এবং এর ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে পাকিস্তান যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে সেটা হবে কাশ্মিরের মানুষের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, উভয় দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হলে আমাদের বাণিজ্য উন্নতি করবে। কিন্তু এতে কাশ্মিরিদের সংগ্রাম ও রক্ত বৃথা যাবে। এটা হতে পারে না। কাশ্মিরের মানুষের রক্তের বিনিময়ে আমাদের ব্যবসা-বাণিজ্য উন্নতি করবে এটা কখনোই হতে পারে না।’