‘যতো বড় প্রভাবশালী হোক বাবুগঞ্জে জুয়ার আড্ডা ও মাদক বিক্রি চলবে না’

বাবুগঞ্জ প্রতিদিন।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধ জুয়ার আড্ডা, মাদক সেবন ও মাদক বিক্রি পরিচালনার ক্ষেত্রে যতো বড় প্রভাবশালীই জড়িত থাকুক না কেন, আইন প্রয়োগের ক্ষেত্রে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাবুগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান।

বুধবার (০২ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাবুগঞ্জ উপজেলার মধ্যে অবৈধ জুয়ার আড্ডা, মাদক সেবন ও মাদক বিক্রি চলতে দেওয়া হবে না। এসব জুয়ার বোর্ড, মাদক বিক্রি পরিচালনার ক্ষেত্রে যতো প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার জুয়ার বোর্ড ও মাদক কারবারির তালিকা করা হচ্ছে। স্পষ্ট করে বলছি, বাবুগঞ্জ উপজেলার কোথাও জুয়ার বোর্ড কিংবা মাদকদ্রব্য বিক্রি করতে দেওয়া হবে না।

বাবুগঞ্জ থানাকে জনবান্ধব একটি সেবামূলক প্রশাসন হিসেবে গড়তে চাই। এজন্য সাংবাদিকদের সহায়তা প্রয়োজন। আপনারা যেমন খারাপ কিছু দেখলে লিখবেন, তেমনি আমরা ভালো কিছু করলে সেটাও দয়াকরে লিখবেন। ভালো কাজ করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। আমরা থানা পুলিশ জনগণকে সর্বোচ্চ সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ। তাই সবার সহযোগিতা নিয়ে বাবুগঞ্জ থানা কে একটি জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে চাই।

এদিকে, এ-ই মতবিনিময় সভার পর পরই থানা পুলিশের ঝটিকা অভিযানে দুই জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের মল্লিক বাড়ি উচা পুল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। আকটকৃতরা হলেন- দক্ষিন ভুতেরদিয়া গ্রামের শাহআলম সিকদারের ছেলে মোঃ সামছুল আলম (৩০) ও পূর্ব ভুতেরদিয়া গ্রামের লতিফ বেপারীর ছেলে ভাসাই (৪৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে এসআই আওলাদ, এসআই হান্নান, এসআই জাকির, এসআই আজাদ, এসআই মাহতাব, এএসঅই হুমায়ুন, এএসআই নূরুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে গেছে।

বাবুগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন বাবুগঞ্জ থানা থেকে জুয়াড় আসর উপরে ফেলা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।