তালতলীতে সুদের টাকার জন্য স্কুল শিক্ষককে মারধর

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে সুদের টাকার জন্য মারধর করার অভিযোগ উঠেছে ছোট ভাইজোড়ার মাদ্রাসার সহকারি শিক্ষক আবদুল মুতালিবের বিরুদ্ধে। উপজেলার বড়বগী ইউনিয়নের কাজির খাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯ টায় উপজেলার কর্মকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সাথে মুতালিব এর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মোতালিব উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলী জামার কলার ধরে কিল-ঘুসি ও এলোপাতাড়ি মারধর করে। পরে পার্শ্ববর্তী একটি হার্ডওয়্যারের দোকানের থেকে লোহার একটি রড এনে স্কুল শিক্ষক ইদ্রিস আলী কে পিটিয়ে আহত করে।

প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, বছর খানেক আগে পারিবারিক একটু ঝামেলার কারণে টাকা-পয়সার খুব সমস্যার মধ্যে ছিলাম। সে সময় ছোট ভাইজোড়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মুতালিব এর কাছ থেকে কিছু টাকা সুদে নিলে পরবর্তীতে আমি সে টাকা পরিশোধ করে দেই। কিন্তু আজ সকালবেলা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অহত অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। শত শত মানুষের সামনে আমার জামার কলার ধরে লোহার রড দিয়ে পিটিয়েছে সুদ খোর মুতালিব।

মারধরের কথা অস্বীকার করে আব্দুল মুতালিব বলেন, তার কাছে কিছু টাকা পয়সা পাওনা ছিল সে নিয়ে তর্ক বিতর্ক হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।