ভোলায় মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ১২

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।। ।।
ভোলার চরফ্যাশনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও ১২ জন।

সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মনির হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্হানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী ইয়াছিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের মেম্বারপ্রার্থী ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ছররা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়। আহত হয় আলাউদ্দিন (৩৫), তাছলিমা বেগম(৩০) লিজ(৪)সহ ১২জন। তাদের মধ্যে ৩জন গুলিবিদ্ধ হয়েছে।

চরফ্যাশন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সুভন বসাক জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বরিশালের ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে বৈ‌রী আবহাওয়া উ‌পেক্ষা ক‌রে সোমবার (২১ জুন) সকাল ৮টা থে‌কে ৪৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।