বরগুনায় বেপরোয়া মটরসাইকেল কেড়ে নিল ইটভাটা ম্যানেজারের প্রাণ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় সড়ক দুর্ঘটনায় শৈলেন চন্দ্র শীল (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে বরগুনার সাবেক মেয়র শাহাদাত হোসেনের বাসায় তার দেখা করতে আসার সময় পিছন থেকে বেপরোয়া ভাবে একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে সুবিদখালী নামক স্থানে তার মৃত্যু হয়।

নিহত শৈলেন চন্দ্র শীলের বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে। স্ত্রীসহ দুই ছেলে মেয়ে রয়েছে তার।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক মোটরসাইকেলটি চালিয়েছিলো সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেনের ছেলে অন্তর (১৮)। এ ঘটনার পরপরই সেখানে থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ঘাতক অন্তর। এখনো পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার (ওসি তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।