বরগুনায় নৌকার বিরোধীতা করায় বৃদ্ধকে কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলীতে এক বৃদ্ধকে জনসমাগনের মাঝে কান ধরে ওঠবস করানোর ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী বৃদ্ধ আবদুল কুদ্দুস হাওলাদার (৬৫) থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনাটি গত মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে সাত টায় আমতলীর চাওড়া ইউনিয়নে ঘটেছে।

লিখিত অভিযোগে ওই বৃদ্ধ জানান, নির্বাচনে বিজয়ী হওয়ার পর চাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান খান বাদলের কর্মী ও সমর্থকরা পরাজিত স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়ার সমর্থকদের মারধর ও বসতবাড়িতে ভাঙচুর চালান। তারা ওই বৃদ্ধের ঘরও ভাঙচুর করেন। পরে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান।

তিনি বলেন, ঘরে ভাঙচুরের পর তারা আমার ভাইয়ের স্ত্রী, পুত্রবধূ, নাতি-নাতনিদের সামনে আমাকে মারধর করে কান ধরে ওঠবস করায়। এতে আমার ছেলেরবউ ও ভাইয়ের বউ বাধা দিলে তাদেরও মারধর করে।

পরে ঘরের শোকেস ও আলমারি ভেঙে ১৮ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। হামলাকারীদের মধ্যে রাশেদুল, মনিরুল, মিরাজ ও ইলিয়াসকে তিনি শনাক্ত করতে পেরেছেন বলে জানান।

এ বিষয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মহসিন হাওলাদার বলেন, নির্বাচনে একাধিক প্রার্থী অংশ নেবে এবং জয়-পরাজয় থাকবে। তাই বলে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের এভাবে লাঞ্ছিত, মারধর ও বাড়িঘর ভাঙচুর করবে এটা মেনে নেয়া যায় না। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে নবনির্বাচিত চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, নির্বাচনে হেরে গিয়ে মহসিন হাওলাদার আমার কর্মী-সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে আমতলী থানার ওসি শাহ্‌ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

https://www.facebook.com/100042011011375/videos/532890258121337/?t=5