হিসেবের গরমিল

হিসেবের গরমিল
-মাহফুজা রিনা

আমি সুভাষিণী, প্রিয়দর্শিনী, শ্যামা তন্বী তরুণী,
নিজেতেই ধন্য আমি, নিজেতেই অভিমানী।
দুঃখ শুধু তোমার জন্য, শুধু কি তাই?
তোমার কথাই কেবল ভাবি।

তারুণ্য আর কতদিন?
আমি ভালো মন্দ দোষ গুণ মিলে সাধারণ,
দেখেছি কতো মহৎ, কতো গুণিজন।

কে জানে, কার অভিশাপে নিঃস্ব?
লেখনীতে বরাবরই তোমার হাত ছিল দরাজ,
আমিও চেষ্টা করেছি, কিন্তু তোমার মতো হয় না।

আমি তো কেবল মনের কথা লিখি,
শুনেছি গুণীজনের কথা, শুনেছি কবি শিল্পীর কথা,
তাদের ডাকেও ওপার থেকে সাড়া দেয়নি কোনো প্রেয়সী।

পরপারে হবে মিলন?
বিশ্বাস করি না আমি, জানি তুমিও বিশ্বাস কর না।
এ জীবনই শেষ, এখানেই টানো সমাপ্তি রেখা,
পরজন্ম বলে কিছু নেই, আর কোনো আশা নেই।

তবুও বেলা শেষে গোধূলির শিয়রে রাত্রি নামে,
রাতভর চোখ মেলে আমি দেখতে পাই
তোমার কপালে মেঘলা আকাশের ছাপ।

তোমার সমস্ত জীবনের চাওয়া পাওয়ার
হিসেব মিলানোর দুশ্চিন্তা,,,,
আর আমি! অগোচরে অলক্ষ্যে দাঁড়িয়ে
তোমায় কি দিবো তাই ভাবি,,,,,

রচনা: ২৫.০৬.২০২১