করোনায় গড় আয়ু কমেছে ব্রাজিলে

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। টিকা প্রয়োগ ও বিধিনিষেধ আরোপে কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফের সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। এর প্রভাবে অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছে বহু অঞ্চল। জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অনেক দেশে। এরই মধ্যে শতাধিক দেশে নতুন করে তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। করোনার প্রথম ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ওপরের দিকে রয়েছে ব্রাজিল। এখনও ঘুরে দাঁড়াতে পারেনি দেশটি।

এমন পরিস্থিতিতে চিকিৎসাবিষয়ক জার্নাল নেচার মেডিসিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে ব্রাজিলে প্রত্যাশিত গড় আয়ু কমেছে। ২০২০ সালে এটা ১ বছর ৩ মাস কমেছে। ২০২১ সালে আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রাশিয়ায় সোমবার রেকর্ডসংখ্যক মৃত্যুর পর মঙ্গলবার তা আরও বেড়েছে। আর ভারতে কমতে থাকা সংক্রমণ ফের বেড়েছে। খবর নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও এএফপির।

ব্রাজিলে গড় আয়ু হ্রাসের ঘটনা সাধারণত দেখা যায় না। তবে করোনায় দেশটিতে ৫ লাখ ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। তাতে দেশটির গড় আয়ু ১ বছর ৩ মাস হ্রাস পেয়েছে, যা প্রত্যাশিত হ্রাসের তুলনায়ও অনেক বেশি।

গবেষক দলের প্রধান ও হার্ভার্ডের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগের চেয়ারম্যান মার্সিয়া ক্যাস্ট্রো বলেন, দেশটিতে যুদ্ধ বা মহামারির মতো যখন উচ্চহারে মৃত্যু বাড়ছিল, তখন আশঙ্কা করা হচ্ছিল যে গড় আয়ু হ্রাস পাবে। দেশটির পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সেখানে খুব কম মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেশটির ১ কোটির ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা অনুপাতের হিসাবে ১১ জনে ১ জন। সরকারি জরিপ বলছে, গড়ে দৈনিক ৬৫ হাজার জন শনাক্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে ১৬০০ জনের। দেশটিতে ১৯৪৫ সাল থেকে ২০২০ সালে এসে গড় আয়ু ৪৫ দশমিক ৫ বছর থেকে বেড়ে ৭৬ দশমিক ৭ বছর হয়েছে। গবেষক ক্যাস্ট্রো ও তার দল বলেছে, ২০২১ সালের প্রথম চার মাসে মৃত্যু বাড়ায় গড় আয়ু ১ বছর ৭ মাসের কিছু বেশি হ্রাস পেতে পারে।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে শিশু মৃত্যুর হারও অনেক বেশি। এ ছাড়া সেখানে বহু শিশু মারা গেছে, যাদের পরীক্ষা করা হয়নি।

করোনার অতিসংক্রামক ধরন ডেলটার প্রকোপে বুধবার রেকর্ড সর্বোচ্চ প্রাণহানি দেখেছে রাশিয়া। রাশিয়ায় মঙ্গলবার করোনায় আক্রান্ত আরও ৬৬৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮১৭ জন, যা গত দিনের তুলনায় বেশি।