গায়ের রঙের জন্য কটাক্ষ, পুলিশে অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক।।
পশ্চিবঙ্গের টিভি অভিনেত্রী শ্রুতি দাসের যাত্রা শুরু হয়েছিল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে ২০১৯ সালে। পরবর্তীতে জি বাংলার ওই ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর একের পর এক নতুন চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি। অভিনয়কে ভালোবসে ইন্ডাস্ট্রিতে জায়গা করার চেষ্টা করছেন শ্রুতি দাস। এর মধ্যে অনেকের ভালোসা পেয়েছেন, আবার তাকে নিয়ে কম বিতর্কও হয়নি গায়ের রঙের কারণে। খবর এনডিটিভির

গত দুই বছর ধরে গায়ের রঙের কারণে শ্রুতিকে অনবরত হেয় করা হচ্ছে নেট দুনিয়ায়। এমনকী গায়ের রঙের কারণে তার ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা। এতদিন এসব সহ্য করলেও এবার বাধ্য হয়ে পুলিশের সাইবার সেল বিভাগে অভিযোগ দায়ের করেছেন ‘ত্রিনয়নী’ খ্যাত নয়ন।

শ্রুতি জানান, এতদিন তাকে নিয়ে যতবার ট্রোল হয়েছে তিনি চুপ থেকেছেন, কোনো মন্তব্য করেননি। কিন্তু সময়ের সাথে সাথে ট্রোলের মাত্রা আরও বেড়েছে। বিশেষ করে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর নেটিজেনদের কুরুচিপূর্ণ মন্তব্য যেন আরও নতুন মাত্রা পেয়েছে। শ্রুতি বলেন, অনেকেই আমার চরিত্র আর মেধা নিয়ে প্রশ্ন তুলছেন।

২৫ বছর বয়সী শ্রুতির মতে, যদি তিনি এখনও চুপ থাকেন তাহলে এ ধরনের আচরণ আরও বাড়তেই থাকবে।

কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, অভিনেত্রী শ্রুতি দাস তার গায়ের রঙের কারণে যেসব কুরুচিপূর্ণ মন্তব্যের মুখোমুখি হয়েছেন তা জানিয়ে সাইবার সেল বিভাগে একটি ই মেইল করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সেইসব মন্তব্যের স্ক্রিনশটও তাতে যুক্ত করে দিয়েছেন।

চলচ্চিত্র ও টিভি অভিনেতা পার্নো মিত্র বলেন, ভারতের মতো একটি দেশে যেখানে বেশিরভাগ মানুষই বাদামি চামড়ার তাদের গায়ের রঙ নিয়ে কথা বলাটা লজ্জাজনক।

তিনি আরও বলেন, বিজ্ঞাপন, মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও উজ্জ্বল রঙকে গুরুত্ব দেওয়া হয়। আমাদের মতো যাদের গায়ের রঙ কালো তাদেরকে উজ্জ্বল দেখাতে সেরকম মেকআপ ব্যবহার করতে বলা হয়।

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার জানান, প্রায়ই তিনি সামাজিক মাধ্যমে শ্রুতিকে নিয়ে করা ট্রল বন্ধের চেষ্টা করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। তার ভাষায়, শুধুমাত্র গায়ের রঙ দিয়ে কেউ সফল হতে পারে না। মেধা অন্য যে কোনও কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। শুধু শ্রুতি নয়, আরও অনেকে মেধা দিয়েই নিজেদের জায়গা তৈরি করেছেন এ জগতে।

বর্তমানে শ্রুতি ‘দেশের মাটি’ ধারাবাহিকে ‘নোয়া’ চরিত্রে অভিনয় করছেন।