মুলাদীতে করোনা সংক্রমণ বাড়ছেই, আক্রান্ত আরও ১৭

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার (০৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

মুলাদী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জাহান আরা বেগম রূপালী বার্তাকে জানান, সোমবার মোট ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। এর মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো নমুনার মধ্যে ৩ জনের করোনা পজেটিভ এসেছে। গত ০১ জুলাই এসব নমুনা পাঠানো হয়েছিল। এই ৩ জনের ১ জন নারী এবং বাকি ২ জন পুরুষ।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য সহকারী জসিম বাঘাকে রোববার রাতে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। গত ৩০ জুন উপসর্গ নিয়ে পরীক্ষা করলে তার করোনা সনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় জুন মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।