ঠাকুরগাঁওয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০ তে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ সময় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।

মঙ্গলবার (০৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, ৪ জুলাই মারা গেছে সাতজন, ৩ জুলাই মারা গেছে চারজন, ১ জুলাই মারা গেছেন দুজন। নিহতদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ২৬৬টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে পাঁচজনের। যাদের মধ্যে তিনজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুর সদর হাসপাতালে একজন ও ঠাকুরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন মারা গেছেন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় চারজন, রানীশংকৈল উপজেলায় ২১ জন, হরিপুর উপজেলায় সাতজন ও পীরগঞ্জ উপজেলায় ১৮ জন রয়েছেন।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন ও মৃত্যুবরণ করেছেন ১০০ জন।