ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মারামারিতে আহত ৪

অনলাইন ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারিতে উভয় দলের চার সমর্থক আহত হয়েছেন। কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল নিয়ে মঙ্গলবার (০৬ জুলাই) সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল বনাম পেরুর খেলায় ব্রাজিল (১-০ ) জয়লাভ করলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দামচাইল বাজারে ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আর্জেন্টিনা সমর্থক মো. জীবন মিয়ার খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে উপস্থিত লোকজন তাদেরকে ফিরিয়ে দেন।

পরে বিকেলে দামচাইল বাজারে ব্রাজিল সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়াকে (৬০) একা পেয়ে আর্জেন্টিনা সমর্থক জীবনসহ ৪ থেকে ৫ জন তাকে মারধর করে আহত করেন। আহতবাস্থায় নওয়াব মিয়াকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ব্রাজিল সমর্থকের চাচা নওয়াব মিয়াকে মারধরের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নওয়াব মিয়ার ছেলে আরমান, তার সহযোগী আলী হোসেন ও ইসহাক আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ার চাচাতো ভাই সেলিম (৪৫) সৈয়দাবুর রহামান (৩৫) ও জাকির মিয়াকে (৩২) বাজারে পেয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। পরে তাদেরকেও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণাবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি মারামারি ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।