মেহেন্দিগঞ্জের ভাষানচরে মেঘনায় ট্রলারে ডাকাতি: ২০ লাখ টাকা লুট, আহত ৮

রূপালী ডেস্ক।।
বরিশালের মেহেন্দিগঞ্জের ভাষানচর সংলগ্ন মেঘনার শাখা নদীতে যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটছে। এ সময় নারীসহ আটজন আহত হন। এছাড়া কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।

বুধবার (০৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মেহেন্দিগঞ্জের পার্শ্ববর্তী হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা ও ট্রলারের মাঝি জুয়েল বয়াতি (৪৫), জাহাঙ্গীর বয়াতি (৪০), মো. রুবেল(৩৫), মো. মাইদুল (২৫), সোহাগ সরদার (২৮), হিজলা-গৌরবদী ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সরদার, তার স্ত্রী হালিমা বেগম (৫০) ও মেয়ে মমতাজ বেগম (৩০)।

ইসমাইল হোসেন সরদার জানান, তার মেয়ে মমতাজ কয়েকদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য তাকে ট্রলারে করে বরিশালে নিয়ে যাচ্ছিলেন। ভাষানচর সংলগ্ন মেঘনার শাখা নদী অতিক্রমকালে আরেকটি ট্রলারে করে এসে ১৪-১৬ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় ট্রলারের আট যাত্রী আহত হন। এ সময় তারা তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায়।

ট্রলার মাঝি জুয়েল বয়াতি জানান, বুধবার সকালে হিজলার একতা বাজারসহ বিভিন্ন বাজারের কয়েকজন ব্যবসায়ীরা মালামাল কেনার জন্য ট্রলারে করে বরিশাল নগরীর দিকে যাচ্ছিলেন। পথে মেহেন্দিগঞ্জের ভাষানচর সংলগ্ন মেঘনার শাখা নদীতে পৌঁছালে একদল ডাকাত তাদের ট্রলারে হামলা চালায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনিসহ আটজন আহত হন। এছাড়া ব্যবসায়ীদের কাছে থাকা প্রায় ২০ লাখ টাকা ডাকাতরা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি ঘটেছে হিজলা ও মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী মেঘনার শাখা নদীতে। থানা ও নৌ-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।