সারাদেশে করোনা আরও ১৯৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৮৯ হাজার ২১৯ জনে।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৫০ নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে রোগী শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬২ শতাংশ।

গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার দাঁড়িয়েছে ১৪ দশমিক শূন্য ৪১ শতাংশ। আর এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার হয়েছে ৮৬ দশমিক ৫৭ শতাংশ।