বল হাতে ঝলক দেখালেন সাকিব

স্পোর্টস ডেস্ক।।
ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাত্র ৩ রানে সাজঘরের পথ ধরেছিলেন। এক জায়গায় ব্যর্থ হওয়া সাকিব আল হাসান ঠিকই জ্বলে উঠলেন বল হাতে। একমাত্র টেস্টে প্রতিরোধ গড়ে তোলা জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙেছেন তিনি। ২৯ ওভার শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৭৬ রান।

হারারেতে সূচনাটা দৃঢ়চেতা মনোবলে শুরু করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৪৬৮ রানে গুটিয়ে দিয়ে ২৭ ওভারের মতো তাসকিন-সাকিবদের পরীক্ষা নেন দুই ওপেনার মিল্টন শুম্বা ও তাকুদজাওয়ানশে কাইতানো। ৭১ রান করে ফেলা এই জুটি আরও বিপজ্জনক হয়ে ওঠার আগে ব্রেক থ্রু এনে দেন সাকিব। লেগবিফোরের ফাঁদে ফেলেন ওপেনার শুম্বাকে। অথচ এই ওপেনারই করেন সর্বোচ্চ ৪১ রান। ক্রিজে আছেন কাইতানো (২২) ও ব্রেন্ডন টেলর (১৬)।

হারারেতে খেলার ক্ষেত্রে যে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি ধৈর্য। একমাত্র টেস্টের প্রথম ইনিংসের শুরুতে এই মানসিকতার পরিচয় দিতে ব্যর্থ ছিল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে এগিয়ে যায় সেই মানসিকতাকে সঙ্গী করে। ধীরে সুস্থে ইনিংসটাকে মেরামত করেন শুম্বা ও অভিষিক্ত কাইতানো। শুম্বা ফিরে গেলে অধিনায়ক টেলর খেলতে থাকেন মারমুখী ভঙ্গিতে।