কাঠালিয়ায় লকডাউনে বৃদ্ধকে পিটিয়ে বসতভিটা দখল করে ভবন নির্মাণ

ভান্ডারিয়া প্রতিনিধি।।
৯৮ বছর বয়সী মুজাফ্ফার আলী মুন্সীকে পিটিয়ে আহত করে বসতভিটার জমি দখল নিয়ে পাকা ভবন নির্মান করার অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে (৬ জুলাই) সকালে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মধ্য কৈখালী গ্রামে। আহত মুজাফ্ফার আলী মুন্সী গত ২ দিন যাবৎ ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বয়সের ভারে নিশ্চুপ আহত মুজাফ্ফার আলী কেঁদে কেঁদে এ প্রতিবেদকদের জানান, আমি একজন অসহায় বৃদ্ধ মানুষ। মানুষের সাহায্যে আমার জিবন চলছে। আমার বাবা মৃত রহিম উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি রক্ষা করতে গিয়ে আজ আমার এই দশা।

তিনি বলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত মুনসুর আলী মুন্সীর গং দীর্ঘদিন জোড় পূর্বক আমার ৯ কাঠা জমি দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা হামলা করে আসছে । এসব ঘটনায় আমি স্থানীয় থানা পুলিশের কাছে গেলে আমাকে হতদরিদ্র ও বৃদ্ধ দেখে তারা কখনো কোন প্রকার সাহয্য সহযোগিতা করেনি। এমতাবস্থায় ৬ জুলাই সকালে প্রতিপক্ষ আল আমিন,আমির হোসেন,আলাউদ্দিন মুন্সী,আউয়াল মুন্সী,আয়শা বেগম,জুলফিকার আলী সহ কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে মহামারী করোনার মধ্যে আমার জমি দখল করে রাতারাতি পাকা ভবন নির্মানের কাজ চালালে আমি সহ আমার পরিবারের সদস্যরা প্রতিবাদ করি। এতে প্রতিপক্ষার আমাকে লাঠিপেটা করে আহত করে। পরে নিরুপায় হয়ে আমি জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়। তখন পুলিশের অবস্থান টের পেয়ে প্রতিপক্ষরা আত্মগোপনে চলে যায়। এ ঘটনার বিচার চেয়ে আমি বাদী হয়ে বৃহস্পতিবার কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে প্রতিপক্ষ আমির হোসেন বলেন, বৃদ্ধকে মারধরের কথা এড়িয়ে গিয়ে বলেন, আমাদের জমিতে আমরা পাকা ভবন নির্মান করছি।