হিজলা-বরিশাল রুটে পণ্যবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় তদন্ত চলছে

মো. হারুন অর রশিদ, হিজলা (বরিশাল)।।
হিজলা উপজেলার একটি পণ্যবাহী ট্রলার গত বুধবার (৭ জুলাই) বরিশালের উদ্দেশ্য যাত্রা করে। সকাল সোয়া ৭ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা সীমানার বাবনেরচর লাল বয়া নামক স্থানে ডাকাতি হয়। এসময় ডাকাতদের হামলায় ট্রলারের মাঝিসহ পাঁচ সদস্য আহত হয়। তাদের কাছে থাকা প্রায় কোটি টাকা নিয়ে যায় ডাকাত সদস্যরা। এ ব্যাপারে কিছুই জানেনা হিজলা কোস্টগার্ড।

আহত মাঝি জুয়েল বয়াতি, রুবেল বয়াতি, মাইদুল বয়াতি, জাহাঙ্গীর বয়াতি হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপর একজন সোহাগ সরদার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছে।

ট্রলারের মাঝি আহত জুয়েল বয়াতি জানান, গত ৭ জুলাই সকাল সোয়া ৭ টার দিকে ট্রলারটি মেহেন্দিগঞ্জ উপজেলার বাবনেরচর এলাকার লাল বয়ার কাছাকাছি আসলে ১৬ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে বিভিন্ন দোকানের পণ্য কেনার জন্য তার কাছে থাকা প্রায় কোটি টাকা নিয়ে যায়। এ সময় এই ট্রলারে হিজলা গৌরব্দী ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল সরদারের কাছে থাকা চিকিৎসার খরচ ৪০ হাজার টাকাও নিয়ে যায়।

মাঝি আরো জানান, এই পথে প্রতি সপ্তাহে হিজলার ৫ টি হাটের পণ্য ট্রলারে সরবরাহ করা হয়। এজন্য কোস্টগার্ডকে নিয়মিত চাঁদা দিয়ে থাকে নদীপথের নিরাপত্তার জন্য।

হিজলা নৌপুলিশের আই সি সোহেল রানা জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনার স্থান পরিদর্শনে বের হয়েছি এবং কালিগঞ্জ কোস্টগাড এর তদন্ত করছে।