রাজাপুরে শিশুর আপত্তিকর ছবি অনলাইনে, নারী গ্রেফতার

অনলাইন ডেস্ক।।
ঝালকাঠির রাজাপুরে ৯ বছরের শিশুর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে অনলাইনে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শনিবার (১০ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুটির ফুপু বাদী হয়ে শিল্পী বেগম (৩০) নামে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পর রাতেই অভিযুক্ত শিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। শিল্পী বেগম উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত আব্দুর রব জোম্মাদারের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা-মা বর্তমানে ইন্ডিয়ায় থাকার কারণে শিশুটি তার নানার বাড়িতে থাকে। শিল্পীর সঙ্গে শিশুটির পরিবারের পূর্ব থেকেই বিরোধ ছিল। গত শনিবার সকালে শিশুটিকে একা পেয়ে তার নগ্ন ছবি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন শিল্পী বেগম।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক নারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে রোববার (১১ জুলাই) সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।