প্রেমিকাকে পেতে ‘ডাব পড়া’ না দেওয়ায় তান্ত্রিককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার টাইমবাজার এলাকায় প্রেমিকাকে পেতে ‘ডাব পড়া’ না দেওয়ায় ফাতেমা বেগম (৪২) নামে এক নারী তান্ত্রিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ফাতেমা বেগমকে বাঁচাতে এসে গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে মো. এহছান নামে ঘাতক যুবককে আটক করে।

জানা যায়, উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজার এলাকার মোস্তাক আহমদের স্ত্রী ফাতেমা বেগম জিন হাজিরের নামে তান্ত্রিকতার কাজ করতেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১২ জুলাই) সকালে প্রেমিকাকে আপন করে পেতে ‘ডাব পড়া’ নেওয়ার জন্য তার বাড়িতে আসে একই ইউনিয়নের মাইজপাড়া এলাকার ইব্রাহিমের পুত্র মো. এহছান। কিন্তু ফাতেমা বেগম তার ঐ প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এহছান। একপর্যায়ে বাড়ির রান্নার কাজে ব্যবহৃত দা দিয়ে ফাতেমা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় ফাতেমা বেগমকে উদ্ধার করতে এলে তার মেয়ে পাখি আক্তার এবং বাড়িতে থাকা তাদের আত্মীয় রাবেয়া বেগম ও তার মেয়ে বৃষ্টিকেও কুপিয়ে গুরুতর আহত করে ঐ যুবক। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের চমেক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু চমেক হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফাতেমা বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে ঐ যুবককে আটক করে।