কানে গিয়ে প্যারিসের প্রেমে পড়েছেন বাঁধন

বিনোদন ডেস্ক।।
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানের আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান সিটিতে এই উৎসবের ৭৪তম আসরে এবার অংশ নিয়েছে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি। অংশ নিয়েছেন ছবিটির কলাকুশলীরাও।

কলাকুশলীদের ওই দলে আছেন ছবির মুখ্য চরিত্রে অভিনয়কারী আজমেরি হক বাঁধন। কান উৎসবরের এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে লালগালিচায় হেঁটেছেন বাঁধন।

উৎসবের আনুষ্ঠানিকতায় প্রতিদিনই সেখানে সিনেমা দেখছে, আড্ডা দিচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’ টিম। পাশাপাশি বাঁধন জানালেন প্যারিসের দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াচ্ছেন তিনি।

বাঁধন বলেন, কানে সব কিছু সিডিউল অনুযায়ী চলে। তাই সকালের দিকটায় কোনো কাজ থাকে না। এই সময় শরীর চর্চার কাজ করছি। পাশাপাশি প্যারিস শহরটা ঘুরে দেখছি।

কানে গিয়ে প্যারিস শহরের প্রেমে পড়েছেন বলে জানালেন বাঁধন। বললেন, কান ও প্যারিস শহর ভালো লেগেছে। এখানে কোনো কাজের জন্যই কাউকে বলতে হয়না। নিয়ম অনুযায়ীই সব হয়। প্যারিসের প্রেমে পড়ে গেছি। ভবিষ্যতে আবারও ঘুরতে আসব এখানে।’

বাঁধন জানান, উৎসবের আনুষ্ঠানিকতা শেষে ১৮ জুলাই ছবির পরিচালকসহ পুরো টিম দেশের উদ্দেশে রওনা হবে।