বরগুনায় এজাহার ভুক্ত প্রধান আসামিকে শপথ পড়ানোর অভিযোগ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ করার মামলার প্রধান আসামীসহ ২৯ জন নব নির্বাচিত চেয়ারম্যানকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় শপথ বাক্য পাঠ করালেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভুসহ প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, বরগুনা জেলায় ২৯ টি ইউনিয়নে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছোট ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ও তার কর্মি বাহিনী ১২ জুন দুপুরে পূর্ব কেওরাবুনিয়া নয়া বাজারের রাস্তায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম. মজিবুল হক কিসলুর নেতা কর্মিদের উপর হামলা করে। মজনু শরীফকে হত্যার উদ্দেশ্য মোশাররফ হোসেন ছেনা দিয়ে মাথায় কোপ দেয়। ডান পায়ে চল মেরে আহত করে পা ভেঙ্গে ফেলে। দুই নম্বর আসামী নব নির্বাচিত মেম্বর আবুল বাশার মজনুর মাথায় কুপিয়ে জখম করে। ৯ টি মোটর সাইকেল ভাংচুর করে একটিতে অগ্নিসংযোগ করে। নৌকার প্রার্থী বাদী হয়ে ১৩ জুন বরগুনা থানায় মামলা করলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় প্রধান আসামী মোশাররফ হোসেন শিল্পকলা একাডেমিতে চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন করেন। জেলা প্রশাসক হাবিবুর রহমান শপথ বাক্য পাঠ শেষে আসামীকে নিয়ে গ্রুপ ছবি তোলেন।

নৌকার প্রার্থী এম. মজিবুল হক কিসলু বলেন, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বরগুনা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বরগুনা থানাকে লিখিত অভিযোগ দিয়েছি। শপথ বাক্য পাঠ না করানোর জন্য।

তারপরও জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করিয়ে একজন আসামীকে নিয়ে গ্রুপ ছবি তোলেন। পুলিশ সুপার শপথ অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও পুলিশ আসামীদের গ্রেফতার করার চেষ্টা করেনি।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আদালত থেকে নিষেধাজ্ঞা ছিল না। এ কারনে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।