মুলাদীতে করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা, নতুন সনাক্ত ৪৮

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় টানা তৃতীয় দিনে করোনায় আক্রান্তের হিসেবে নারীরাই বেশি। গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ নতুন করে ৪৮ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জনই নারী। রোববার (১৮ জুলাই) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রোববার মোট ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ জনের-ই করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ২৮ ও পুরুষ ২০ জন। শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় তারা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

আগেরদিন শনিবার (১৭ জুলাই) ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জন নারীর করোনা সনাক্ত হয়। অন্যদিকে পুরুষ আক্রান্ত হন ২৫ জন।

তার আগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ৫১ জনের নমুনা পরীক্ষা হলে ১৪ নারীর করোনা সনাক্ত হয়। আর পুরুষ আক্রান্ত হন ১১জন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।