গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় পঙ্কজ গাঙ্গুলী নামে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম গাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (০১ আগষ্ট) বিকালে উপজেলার ডাকুয়া গ্রামে।

এ ঘটনায় পঙ্কজ গাঙ্গুলী (৪০) রবিবার রাতে রফিকুল ইসলাম গাজী (৬৫), হানিফ গাজী (৫০), রিয়াজ গাজী (৩৫), খলিল গাজী (৪২), রেজাউল গাজী (৪৫), মিলটন গাজী (৩৩), শিবলু গাজী (২৬), হোসেন মল্লিক (৪০), মোস্তফা গাজীর (৫০) নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের পঙ্কজ গাঙ্গুলীর সঙ্গে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে একই গ্রামের রফিকুল ইসলাম গাজীর বিরোধ চলে আসছিল। রবিবার বিকাল আড়াইটার দিকে ভুক্তভোগী পঙ্কজের বসত বাড়ির চতুর্দিকে বাঁশের দেয়া বেড়া রিয়াজ গাজী, খলিল গাজী, রেজাউল গাজী, মিলটন গাজী, শিবলু গাজী, হোসেন মল্লিক, মোস্তফা গাজীসহ আরও কয়েকজন মিলে জোরপূর্বক ভেঙ্গে ফেলে। খবর পেয়ে পঙ্কজ বাড়িতে গিয়ে অভিযুক্তদের কাছে বেড়া ভেঙ্গে ফেলার কারণ জানতে চাইলে তারা পঙ্কজকে প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে পঙ্কজ গাঙ্গুলী বলেন, রফিকুল ইসলাম গাজী আমার জায়গা জোরপূর্বক দখল করে নিতে চায়। ওরা বিভিন্ন সময়ে আমাকে হুমকি ধামকি দেয়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

রফিকুল ইসলাম গাজী বলেন, আমদের জমির সীমানা নিয়ে পঙ্কজের সাথে একটু ঝামেলা আছে। আগামী ১৩ আগষ্ট এলাকায় বসে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। শুক্রবার (১৩ আগষ্ট) উভয় পক্ষের জমি মাপ দিয়ে সীমানা নির্ধারণ করা হবে। মাপের মাধ্যমে বেড়া ভেঙ্গে ফেলার জায়গা যদি পঙ্কজের জায়গার মধ্যে পড়ে সেক্ষেত্রে রফিকুল বেড়া পুনঃনির্মাণ করে দিবে।’