গলাচিপায় কোটি টাকা ঋণ দিতে রাজি না হওয়ায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপককে মারধর

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
এক কোটি টাকার ঋণ নবায়ন মঞ্জুরী না করায় গলাচিপা অগ্রণী ব্যাংক লিমিটেড শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. নাজমুল হাসানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোমবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় গলাচিপা অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের কক্ষে।

এ ঘটনায় সোমবার রাতে অভিযুক্তকারীর বিরুদ্ধে মামলা করেছেন ব্যবস্থাপক মো. নাজমুল হাসান। পুলিশ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরীকে আটক করে মঙ্গলবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে।

মামলার বিবরণে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা পৌর এলাকার ব্যবসায়ী মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরী অগ্রণি ব্যাংকের ব্যবস্থাপক মো. নাজমুল হাসানের কক্ষে আসেন। এসময় তার পূর্বের করা ৬০ লাখ টাকার ঋণসহ আরো ৪০ লাখ টাকা মোট এক কোটি টাকার বর্ধিত ঋণ মঞ্জুরী না করায় ক্ষুব্ধ হন ব্যবসায়ী। রাহাত চৌধুরীর আগের যে ৬০ লাখ টাকা ঋণ রয়েছে তার পরেও আরো ৪০ লাখ টাকার যে ঋণ বর্ধিত করতে চায় তা তার জামানতে ঋণের আওতা বহির্ভূত বলে ব্যাংকের ব্যবস্থাপক ব্যবসায়ীকে জানান। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে রাহাত চৌধুরী শাখা ব্যবস্থাপকের জামার কলার ধরে মারধর করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে পেপার ওয়েট দিয়ে টেবিলের গ্লাস ভাংচুর ও কাগজপত্র নষ্ট করে। এসময় ব্যবস্থাপকের ডাক-চিৎকার শুনে ব্যাংকের অন্যান্য কর্মচারীরা ব্যবস্থাপককে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গলাচিপা থানার পুলিশ খবর পেয়ে ব্যাংকে গিয়ে সরেজমিন পরিদর্শন করে। এর আগেই অবস্থা বেগতিক দেখে রাহাত পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী গলাচিপা থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষ পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রাহাত চৌধুরী এর আগে ২০১৫ সালে গলাচিপা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আলতাফ হোসেনকেও (বর্তমানে অবসরে) লঞ্ছিত করেছিলেন। তার বাবা প্রভাবশালী হওয়ায় ওই সময় ঘটনা আপোষ মিমাংসা হয়েছিল।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার পর পরই অগ্রণী ব্যাংকের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় আসামীকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।