ধীরগতির ইনিংস খেলে সাজঘরে মাহমুদউল্লাহও

স্পোর্টস ডেস্ক।।
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান বোলাররা হাত খুলে খেলতে দিচ্ছেন না বাংলাদেশকে। রান উঠলেও ঠিক টি-টোয়েন্টির গতিতে উঠছে না।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৩। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নুরুল হাসান সোহান। সাকিব ২৪ বলে ২৮ রানে অপরাজিত আছেন।

টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে শুরু করতে পারেনি বাংলাদেশ। আত্মঘাতী হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। রীতিমত হাসফাঁস করছিলেন উইকেটে, শেষ পর্যন্ত নিজেই নিজের বিপদ ডেকে আনেন বাঁহাতি এই ওপেনার।

জশ হ্যাজলেউডের বলটি বানিয়ে মারতে গিয়েছিলেন, কাট করে সেটি নিজের উইকেটেই টেনে আনেন। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলের ঘটনা। সৌম্য ৯ বলে করেন মাত্র ২ রান।

সৌম্য ফেরার পর নাইম শেখ মোটামুটি ভালো খেলছিলেন। মিচেল স্টার্ককে ফ্লিক করে বড় এক ছক্কাও হাঁকিয়েছিলেন। কিন্তু পরে আবার রানের গতি আটকে যায় নাইমের।

সেই চাপ থেকেই বোধ হয় অ্যাডাম জাম্পাকে রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন সপ্তম ওভারের শেষ বলে। বলটি মিস করে হন পরিষ্কার বোল্ড, ২৯ বলে ২টি করে চার-ছক্কায় নাইম করেন ৩০ রান।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ মিলে দলকে এগিয়ে নিয়েছেন কিছুটা। যদিও তেড়েফুরে খেলতে পারেননি তারাও। ৩২ বলের জুটিতে তারা যোগ করেন ৩৬ রান।

ডাউন দ্য উইকেটে তুলে মারতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। হ্যাজলউডের বলে দৌড়ে গিয়ে দারুণ এক ক্যাচ নেন ময়েচেস হেনড্রিকস। মাহমুদউল্লাহর ২০ বলে সমান রানের ইনিংসটিতে ছিল একটি ছক্কার মার।