ভিমরুলের কামড়ে মারা গেল স্বামী-স্ত্রী

অনলাইন ডেস্ক।।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। শনিবার (০৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। একেকজনের শরীরে ভিমরুলের সহস্রাধিক কামড়ের দাগ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেনের ঘরের সামনে আম গাছে ভিমরুলের বাসা ছিল। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তিনি ও তার স্ত্রী ঘর থেকে বের হলে ভিমরুলের দল তাদেরকে কামড়ায়। এ সময় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ আগস্ট) সকালে তারা মারা যান। তারা নিঃসন্তান ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনির হোসেন বলেন, আবুল হোসেন ও আজুতুন নেছার শরীরে ভিমরুলে সহস্রাধিক কামড়ের দাগ রয়েছে। অতিরিক্ত বিষক্রিয়ায় তারা মারা গেছেন।

তিনি আরও বলেন, ২ জনেরই হাসপাতালে আইসিইউ সাপোর্ট প্রয়োজন থাকায় তাদেরকে বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু তাদের পরিবারের সদস্য আর কেউ না থাকায় রাতের বেলা তাদেরকে নিয়ে যাওয়া হয়নি।