সাড়ে তিনশ কোটি টাকায় পিএসজিতে মেসি

স্পোর্টস ডেস্ক।।
লিওনেল মেসির বার্সোলোনা ছাড়ার খবরে সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছিল, তিনি পিএসজিতে যাচ্ছেন। এবার বিষয়টি নিশ্চিত হয়ে গেলো। হ্যা, নেইমারের সঙ্গে খেলতে প্যারিসেই যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি।

মঙ্গলবার (১০ আগস্ট) বিষয়টি জানিয়েছে ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ। পত্রিকার খবরে বলা হয়েছে, তিন বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি করেছেন মেসি।

ফ্রেঞ্চ ফুটবলের খবরাখবরের জন্য বিশ্বস্ত সংবাদমাধ্যম লে’কিপ এবং সাংবাদিক মোহামেদ বোহাফসি। আরএমসি ওয়ানের সাবেক প্রধান টুইট করেছেন, ‘লিওনেল মেসি এখন প্যারিসিয়ান। তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে শেষ বছরটি ঐচ্ছিক। কিংবদন্তি ও ক্লাবের মধ্যে আলোচনা করে দুই বছরের পর সেটি বাড়ানো যাবে। আজ (মঙ্গলবার) বিকেলেই প্যারিসে আসার কথা মেসির। মেডিকেল আজ সন্ধ্যা বা আগামীকাল (বুধবার) সকালে হবে।’

মেসির প্যারিস যাত্রা অনেকটা নিশ্চিতই ছিল। বেতন, চুক্তি সইয়ের সময় বোনাস কত পাবেন ও কয় বছরের চুক্তি হবে- এসব নিয়ে দুই পক্ষ সম্মত হতেই সময় লাগছিল। অবশেষে এসব বিষয়ে একমত হলো দুই পক্ষ।

বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন এই তারকা ফুটবলার। পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন লিও। কিছুক্ষণের মধ্যে প্যারিসে এসে পৌঁছাবেন তিনি।