করোনা বলে কিছু নেই, প্রমাণ করতে নারীর কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা ভাইরাসের দাপটে কাঁপছে গোটা বিশ্ব । কীভাবে এই ভাইরাস নির্মূল করা যায় তা নিয়ে চলছে নানা গবেষণা। এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিচিত্র এক ভিডিও। নেটিজেনদের অনেকেই সেই ভিডিও দেখে আঁতকে উঠেছেন।

ভাইরালও হওয়া ভিডিওতে দেখা গেছে, এক নারী সুপারমার্কেটে ঘুরছেন শপিং ট্রলি নিয়ে। বেছে নিচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিস। এরপর হঠাৎ করে ওই নারী এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে সবাই হতবাক হয়ে গেছেন। নিজের সেই অদ্ভুত কাণ্ড তিনি নিজেই সামাজিক মাধ্যমে আপলোড করেছেন।

প্রকাশিত ভিডিওতে ওই নারীকে সুপারমার্কেটের জিনিসপত্র হাতে তুলে নিয়ে জিভ বার করে চেটে চেটে পরীক্ষা করতে দেখা গেছে। শুধু খাদ্য দ্রব্য নয়, প্রায় সব কিছুরই প্যাকেটকেই জিভ দিয়ে চেটে দেখছিলেন ওই নারী। এমনকী, তিনি যে ট্রলি ব্যবহার করছিলেন, তার হ্যান্ডেলও জিভ বার করে চেটে নিচ্ছিলেন। ওই সময় সুপারমার্কেটে উপস্থিত অন্য ক্রেতারা এসব দেখে একেবারেই হতবাক হয়ে পড়েন। অনেকে মনে করছিলেন ওই নারী মানসিকভাবে অসুস্থ। তবে তিনি যে মানসিকভাবে অসুস্থ নন তার প্রমাণ দিতে ভিডিওটি আপলোড করে এর কারণে ব্যাখ্যা করেছেন।

যুক্তরাষ্ট্রের কলোরডোর বাসিন্দা ওই নারীর নাম জোডি মেসচুক। টিকা বিরোধীদের মধ্যে তিনি একজন। ভিডিও আপলোড করে তিনি স্পষ্টই বলেন, কোভিড ১৯ বলে কিছু নেই। এমনকী ভাইরাস কারও ক্ষতি করে না। বরং ভাইরাস শরীরে গেলে হাঁপানি, অ্যালার্জির মতো অসুখ থেকে দূরে থাকা যায়!’ সেই সঙ্গে নেটিজেনদেরে উদ্দেশ্যে তিনি বলেছেন, ভাইরাসকে ভালবাসবেন নাকি ভয় পাবেন সেটা বেছে নিন।

ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। নেটিজেনরা একের পর খারাপ খারাপ মন্তব্য করেছেন টুইটরে। অনেকেই আবার ওই নারীকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছেন প্রশাসনকে।