গোবরের গর্তে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।।
গরুর খামারে গোবরের গর্তে আটকা পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওহাইও অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ওহাইও অঙ্গরাজ্যের সেন্ট হেনরি অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ম্যাট লেফেল্ড জানিয়েছেন, ওই তিন ভাই একটি পাম্প ঠিক করতে ওই গর্তে নামেন। কর্তৃপক্ষ ওই তিন জনতে গ্রে, টোড এবং ব্রাড উইবেকার নামে শনাক্ত করেছেন। উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

বড় আকারের খামারে গোবরের গর্ত থাকা সাধারণ বিষয়। এগুলোতে সাধারণত গোবর জমা রেখে পরে কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। তবে এসব গতে হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন মনোক্সাইড এবং অ্যামোনিয়ার মতো ভয়ংকর গ্যাস তৈরি হতে পারে।

এসব গ্যাসের কারণে মাথাব্যাথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও হতে পারে বলে জানিয়েছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।