উত্তর প্রদেশে প্রকাশ্যে মুসলিম যুবককে লাঞ্ছনা

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম যুবককে প্রকাশ্যে সড়কে লাঞ্ছিত করার খবর পাওয়া গেছে। তাকে জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ বলানোর পাশাপাশি রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। বুধবার (১১ আগস্ট) রাজ্যের কানপুর শহরে এই ঘটনা ঘটে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, ওই ব্যক্তির শিশু মেয়ে তাকে আঁকড়ে ধরে আছে এবং সে হামলাকারীদের কাছে তার বাবার মুক্তির জন্য অনুরোধ করছে। ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ঘটনাটি ঘটে এমন এক জায়গায় যার ৫০০ মিটার দূরে স্থানীয় মৌলবাদী ‘বাজরাং দল’ একটি সভা করছিল। তাদের দাবি, ওই এলাকার এক হিন্দু মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করছিল মুসলিমরা। ওই সভার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

কানপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এই ঘটনায় স্থানীয়ভাবে বিয়ের ব্যান্ড পরিচালনাকারী এক ব্যক্তি, তার ছেলে ও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে একটি দাঙ্গার মামলা দায়ের করেছে। তবে পুলিশ বিবৃতিতে সেই ব্যক্তির নাম উল্লেখ করেনি।

হামলার শিকার ওই ব্যক্তি পুলিশের কাছে তার অভিযোগে বলেন, ‘বিকেল ৩টার দিকে আমি আমার ই-রিকশা নিয়ে যাচ্ছিলাম তখন হামলাকারীরা আমাকে গালিগালাজ ও মারধর করে। এ সময় তারা আমার ও আমার পরিবারকে হত্যার হুমকিও দেয়। পুলিশের কারণে আমি বেঁচে গেছি।’ তবে তিনি এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।

ওই ব্যক্তি স্থানীয় এক মুসলিম পরিবারের আত্মীয় বলে জানা যায়। যাদের স্থানীয় এক হিন্দু পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। কানপুর পুলিশ বিবৃতিতে জানিয়েছে, জুলাইয়ে ওই দুই পরিবার স্থানীয় পুলিশ স্টেশনে একে অপরের বিরুদ্ধে মামলা করে।

মুসলিমদের পক্ষ থেকে প্রথমে হামলার একটি এফআইআর দায়ের করা হয়। এরপর হিন্দুদের পক্ষ থেকে ‘নারীর শালীনতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আক্রমণের’ অভিযোগে মামলা দায়ের করা হয়।

কানপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাবিনা তেয়াগী এক বিবৃতিতে বলেন, এক ব্যক্তির লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও দেখেছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা একটি এফআইআর দায়ের করেছি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।