ফেরির পন্টুন থেকে ৪ বছরের মেয়েকে নিয়ে পদ্মায় ঝাঁপ দিলেন মা!

অনলাইন ডেস্ক।।
বাসের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার ভয়ে দৌলতদিয়ায় পদ্মা নদীতে ফেরির পন্টুন থেকে নিজেকে বাঁচানোর আশায় কোলের চার বছরের শিশু কন্যা নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন মোছা. রোকসানা বেগম (২৯) নামের এক মা। এ সময় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয়রা। বর্তমান মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাটে শাহ ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারী টিসির স্টাফ মনির হোসেন।

জানা গেছে, নদীতে ঝাঁপ দেয়া মোছা. রোকসানা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী। আর কোলের শিশুর নাম মেহরাব হোসেন (৪)।

উদ্ধারকারী টিসির স্টাফ মনির হোসেন বলেন, ঐ নারী তার শিশুকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে ফেরিতে ওঠার জন্য পন্টুন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দূরপাল্লার হানিফ পরিবহনও ফেরিতে ওঠার জন্য পন্টুনে গেলে ঐ নারী ভয়ে তার কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। বিষয়টি আমি দেখার সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপ দিয়ে তাদের ধরি। পরে তার স্বামীও নদীতে ঝাঁপ দিয়ে তাদের সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে আল্লাহর রহমতে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন এবং তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।