‘দ্য কিউরিয়াস কেস অফ’ জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক।।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ থেকে যুবকে পরিণত হচ্ছেন একজন মানুষ। হলিউডি চলচ্চিত্র ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন বাটনে’র গল্প ঠিক এরকমই।

বেনজামিনের সঙ্গে কী অদ্ভুত মিল জেমস অ্যান্ডারসনের! বয়স যত বাড়ছে ততই যেন ধারালো হচ্ছেন টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল এই পেসার। গতকাল লর্ডস টেস্টে তারই প্রমাণ দিলেন আবার। ক্যারিয়ারের ৩১ তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ৩৯ বছর বয়সী এই পেসার। যার কারণে ভারতও রান পাহাড় গড়তে পারেনি। প্রথম দিন দুর্দান্ত ভাবে কাটানো সফরকারীরা গুটিয়ে যায় ৩৬৪ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে ইংল্যান্ডের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৫ রান।

লর্ডস টেস্টের প্রথম দিনটা ছিল লোকেশ রাহুলের। তার ক্লাসিকাল ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৭৬ রান নিয়ে দিন শেষ করে ভারত। কিন্তু গতকাল মাত্র দুই বলেই খেই হারালেন বিদেশের মাটিতে তিন বছর পর ওপেনিংয়ে ভারতকে সেঞ্চুরি এনে দেওয়া এই ওপেনার (শেষ সেঞ্চুরিটাও তার ছিল)। পেসার ওলি রবিনসনের ফুলার লেংথের বল মাটিতে রাখার বদলে ক্যাচ তুলে দেন তিনি। বিদায় নেন ২৫০ বলে ১২ চার ও এক ছয়ে ১২৯ রান করে।

দিনের দ্বিতীয় ওভারেই ট্রেডমার্ক স্টাইলে অজিঙ্কা রাহানেকে সাজঘরে পাঠান অ্যান্ডারসন। লোয়ার অর্ডারে আরো দুই উইকেট তুলে নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন এই পেসার। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৪০ রানে ৩৫০ পার করে নিজেদের শক্ত অবস্থানে রাখে ভারত।