বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

রূপালী ডেস্ক।।
বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস।

রোববার (১৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান ও সোহেল চত্বর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্টে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতরা।

সকাল ৬ টায় সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করেন মহানগর আ’লীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত আর কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর‌্যালে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া কর্মসূচীতে উল্লেখ করা হয়েছে সকল সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু উদ্যানের জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সীমিত পরিসরে আলোচনা সভা, বাদ জোহর সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, রাত ৮টায় অনলাইনে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। এছাড়া আগস্ট মাস ব্যাপী অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।