আগৈলঝাড়ায় পান বরজে বিষ প্রয়োগে মামলা, গ্রেপ্তার ১ জন

আগৈলঝাড়া প্রতিনিধি।।
আগৈলঝাড়ায় শত্রুতা করে ৫ লক্ষাধিক টাকার পান বরজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম থানায় মামলা সূত্রে জানান, উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত মুনছুর আলী হাওলাদারের ছেলে শহিদুল ইসলামের পান বরজে একই এলাকার মৃত ইউসুফ আলী মৃধার ছেলে সোবাহান মৃধা গত ১১ আগস্ট রাতে শত্রুতা করে লক্ষাধিক টাকার পান বরজের ভিতর প্রবেশ করে পান গাছের পাতায় আগাছা ধংসকারী ঔষধ প্রয়োগ করে।

শহিদুল ইসলাম জানান, আমি গত দুই বছর পূর্বে ২০ শতক জমির উপর শতাধিক পান গাছের চারা রোপন করি। তখনও সোবাহান শত্রুতা করে পান গাছের পাতায় আগাছা ধংসকারী ঔষধ প্রয়োগ করে। যাতে করে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। দুই বছর পরে আবার যখন পান বরজের ভালো ফলন শুরু হয়েছে তখন আবারও শত্রুতা করে এই সোবাহান গত বুধবার রাতের আধারে পান বরজের ভিতর প্রবেশ করে পান গাছের পাতায় আগাছা ধংসকারী ঔষধ প্রয়োগ করে। পান গাছের পাতায় আগাছা ধংসকারী ঔষধ প্রয়োগের ফলে প্রতিটি গাছ ঢলে পরে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

পান বরজ মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে রোববার আগৈলঝাড়া থানায় পান গাছের পাতায় আগাছা ধংসকারী ঔষধ প্রয়োগের কারনে মৃত ইউসুফ আলী মৃধার ছেলে সোবাহান মৃধা ও মৃত মোছলেম আলী হাওলাদারের ছেলে নয়ন হাওলাদারকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং-৭ (১৫/০৮/২০২১ইং)।

থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, পান গাছের পাতায় আগাছা ধংসকারী ঔষধ দেয়ার মামলায় এজাহারভুক্ত আসামী সোবাহান মৃধাকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোবাহাকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।