বরগুনায় দুর্ঘটনায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুকেন্দ্রের দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা- কুয়াকাটা সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বরগুনার তালতলীর নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুকেন্দ্রের দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে বরগুনা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ওসি শাহ-আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, চীনা ইঞ্জিনিয়ার লু জিক ইং (৩৫) পাসপোর্ট নম্বর ই-৩৯৭২১৩৩৯, ইঞ্জিনিয়ার লি ওয়েন্টাও (৩৭) পাসপোর্ট নম্বর পিই-২০৭৫৮৫ ও দো-ভাষি ইঞ্জিনিয়ার মো. ফকরুল হাসান (৩১)।

তিনি জানান, বরগুনা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত‌্যু হয়। এসময় গাড়ির চালক মুছাকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত অফিসার তন্ময় বলেন, চিনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির মাধ্যমে তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন তারা। এ ঘটনায় চিনা কোম্পানিকে দুর্ঘটনার খবর অফিসিয়ালভাবেই জানানো হয়েছে।