করোনায় প্রাণ গেল আরও ১৯৮ জনের

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৫৪৭ জনে।

তাদের মধ্যে পুরুষ ১১৬ জন ও নারী ৮২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন, বাড়িতে তিনজন ও হাসপাতালে মৃত অবস্থায় তিনজনকে আনা হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭‌১ শতাংশ।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও সাত হাজার ৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রামে ৫২ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ২৬ জন, বরিশালে সাতজন, সিলেটে ১৮ জন, রংপুরে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।