পর্যটকদের সেবায় নতুন কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)।।
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকদের সেবায় ট্যুর গাইড এসোসিয়েশন নামে একটি কমিটি গঠন করা হয়েছে। ‌‍ব্যবসা নয় পর্যটকদের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’‌ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় হোটেল কুয়াকাটা ইনের হল রুমে সাধারণ সভার আয়োজনে এ কমিটির ঘোষণা করা হয়।

সভায় আন্ধারমানিক ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক কেএম বাচ্চুকে সভাপতি ও বিডি ভিউ ট্যুরস এণ্ড ট্রাভেলস্’র ব্যবস্থাপনা পরিচালক শামিম হোসেন রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন। সভাটি সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।

ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ বদরুল আলম, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ দেওয়ানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কেএম বাচ্চু বলেন, আমরা ব্যবসাকে নয় সেবাকে প্রধান্য দিয়ে পথ চলতে চাই, তাতে প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা। কুয়াকাটায় আগত সকল পর্যটকের সেবা ও পরিপূর্ণ গাইড দেয়া আমাদের প্রধান দায়িত্ব।

প্রধান অতিথির বক্তব্যে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার কুয়াকাটায় আগত সকল পর্যটকের সেবা নিশ্চিত করার জন্য’ই এই কমিটিকে কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।