দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ২৭০

অনলাইন ডেস্ক।।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এ বছরে মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় (একদিনে) নতুন করে ২৭০ জনের দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪০ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (১৯ আগস্ট) পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে সাত হাজার ২৫১ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৯৮২ জন রোগী। এছাড়াও চলতি বছরের এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের।

এদিকে, দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর তুলনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় হাজার ৪৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সর্বমোট ৩১টি মৃত্যুর সংখ্যা আমরা রেকর্ড করেছি। আমরা যদি রোগীর সংখ্যার দিকে তাকাই তাহলে এই ছয় হাজার ৪৫০ জন রোগীর বিপরীতে এতো মানুষের মৃত্যু, এটি অত্যন্ত শঙ্কার কারণ।