মহিপুর ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার অপসারণ

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী॥
পটুয়াখালীর কলাপাড়ার ৬নং মহিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. সোবাহান হাওলাদারকে তার সদস্য পদ থেকে অপসরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ,ইউপি-১ শাখা ১৮ আগস্ট(বুধবার) উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুসারে জানা গেছে, ইউপি মেম্বার মো. সোবাহান হাওলাদার একই ইউনিয়নের ইউপি সচিব আব্দুর রাজ্জাককে অকথ্য ভাষায় গালি-গালাজ, হুমকি-ধামকি ও লাঞ্চিত করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় পটুয়াখালী জেলা প্রশাসকের প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত বছরের ১০ নভেম্বর ১২১৪নং স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে এ বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

অপরদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৫(৯) ধারা মোতাবেক শূণ্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বার মো. সোবাহান হাওলাদার বলেন, আমার ব্যাপারে সঠিক বিচার করা হয় নি। আমি উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

কলাপাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, আমি প্রজ্ঞাপনটি পেয়েছি। উপজেলা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করে আইনের প্রয়োগ করা হবে।