বরিশালের ঘটনায় কাউকে ছাড় নয়: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক।।
বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও বলে দিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত সবাইকে শনাক্ত করতে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বরিশালের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। তাকে জিজ্ঞেস করেছি, সেখানে কি পরিস্থিতি? তিনি জানিয়েছেন, এই ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, এটা আওয়ামী লীগ, বিএনপি নয়। নিজেদের দলের কেউ অন্যায় করলে শাস্তি দিয়েছে এমন কোনো দৃষ্টান্ত বিএনপির আমলে নেই। কিন্তু আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা আপন লোকদের সাজা কিংবা দণ্ড দিয়ে এবং জেলে পাঠিয়ে প্রমাণ করেছেন আওয়ামী লীগ অন্যয়াকারীদের ছাড় দেয় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এদেশে প্রতিহিংসার রাজনীতি করছে। ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনই প্রমাণ করে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে। তথ্যপ্রমাণসহ খালেদা জিয়ার জন্মদিন কবে তা প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সত্যকে কখনো চাপা রাখা যায় না। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়ী। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের সহযোগিতা করেছিলেন। বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, এই সেদিন তারা আন্দোলনে নামে কী করলো। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা তাদের সেই পুরনো অভ্যাস।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।