বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ০৭ জনের মৃত্যু

রূপালী বার্তা।।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮০ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের সাত গুণেরও বেশি এক হাজার ৩৮০ জন সুস্থ হয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে বরিশালে তিনজন ও পটুয়াখালীতে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২২ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪০ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৩৮০ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৬৩ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৫৮ জন নিয়ে মোট ১৭ হাজার ৩৬৬ জন, পটুয়াখালীতে নতুন ৩২ জন নিয়ে মোট পাঁচ হাজার ৮২৪ জন, ভোলায় নতুন ৪৯ জনসহ মোট ছয় হাজার ১৮ জন, পিরোজপুরে নতুন নয় জনসহ মোট পাঁচ হাজার ৬৬ জন, বরগুনায় নতুন ২৫ জনসহ মোট তিন হাজার ৬০৪ জন ও ঝালকাঠিতে নতুন সাত জন নিয়ে মোট চার হাজার ৪৬২ জন রয়েছেন।