‘আনসারদের গুলিতে চোখ হারিয়েছেন আওয়ামী-যুবলীগের দুই নেতা’

রূপালী ডেস্ক।।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তার নিরাপত্তারক্ষী আনসার সদস্যদের গুলিতে দুইজন আওয়ামী ও যুবলীগ নেতার চোখ নষ্ট হয়ে গেছে। তারা বর্তমান ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২১ আগস্ট) বরিশাল ক্লাব মিলনায়তনে বিভাগীয় পৌর মেয়রদের সংবাদ সম্মেলন থেকে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মুলাদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত কাজের অংশ হিসেবে বিবর্ণ, ছেড়া ব্যানার অপসারণ করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাতে বাধা দেন। এ নিয়ে সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে বিরোধ দেখা দিলে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির এবং মহানগর যুবলীগ নেতা তানভীর সেখানে যান। কিন্তু আকস্মিকভাবে ইউএনও আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর গুলিবর্ষণ করলে মনিরুল ইসলাম ও তানভীরের চোখে গুলি লাগে।

মুলাদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল বলেন, ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দু’জনের চোখ নষ্ট হয়ে গেছে। তারা দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এই ঘটনার সঠিক বিচার চেয়ে মেয়র রুবেল বলেন, যারা অকারণে গুলি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্ধ করে দিয়েছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।

প্রসঙ্গত, বুধবার রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। ওই রাতে সদর উপজেলা ইউএনওর সরকারি বাসভবনে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় গুলির ঘটনায় আহত হন অনেকে। এই ঘটনায় পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এসব মামলায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামিসহ মোট ৬০২ জনকে আসামি করা হয়েছে।