শ্বাশত-প্রীতি

শ্বাশত-প্রীতি
-এ কে সরকার শাওন

মনের খেয়ালে সাঁঝ-সকালে
স্বপ্ন সাজাই বিচ্ছেদ ভুলে;
চৌকাঠে রাখা ফুলদানিটা
থরে থরে ভরি ফুলে!

বুঝি সজনী এলো এক্ষুনি
পদধ্বনি শুনি দিনক্ষণ গুনি!
দীঘল চুলে আঁচল তুলে
ঠোঁট ফুটিয়ে সেই ঝলকানি!

গুঁজিবো খোঁপায় সে যা চায়
অপরাজিতা বা দোপাটি!
কানের কোনে কাঁঠালচাপা
বেশ মানানসই পরিপাটি!

চিরায়ত গীতি প্রেমের রীতি
প্রতীক্ষার হয় না অবসান!
ফুলদানিতে ফুলেরা শুকায়
জগলুর মন খান খান!

ব্যাথাতুর শ্রান্ত ফুলের ক্লান্ত
করুণ চোখে চেয়ে বলে,
“সজনীর সনে হলো না দেখা
শেষ বিদায়ের কালে!”

আমাদের কথা ভাবি না,
তুমি কেমনে বাঁচো মালি!
এক জীবনে এতো কষ্ট;
তোমার ত্রিভুবনই খালি!

ফুলের পরে ফুল অনাদরে
বিলীন যুগ যুগ ধরে;
ফুলেরা শুকায় বায়ে মিলায়
সে খবর কে কখন স্মরে?

ভূষণ্ডীর কাক আমি
তবুও আশায় বাঁধি বুক,
এই বুঝি এলো কুঞ্জবনে
সারাক্ষণ মনে ধুকধুক!

অবুঝ মন প্রবোধ মানে না
মানে না তো কোন রীতি!
নিশি দিন স্বপ্নে বিভোর
অন্তরে শ্বাশত প্রীতি!

কবিতাঃ শ্বাশত প্রীতি
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
২২ আগষ্ট ২০২১