ছেলে আর তার প্রেমিকার সঙ্গে মালদ্বীপে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক।।
গত মাসেই ছেলে আর তার প্রেমিকার সঙ্গে ভূ-স্বর্গ কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। এবার শোনা যাচ্ছে, মালদ্বীপে ঘুরতে গিয়েছেন শ্রাবন্তী। সঙ্গে আছেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুক এবং তার প্রেমিকা দামিনী। যদিও শ্রাবন্তী সামাজিক মাধ্যমে কোনও আপটেড শেয়ার করেননি, কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলছে তিনি চুপিচুপি শহর ছেড়েছেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মালদ্বীপের দৃশ্য। বিমানের জানালা দিয়েই মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন দুজনে। রিসোর্টের ভেতরের কিছু সৌন্দর্যও উঠে এসেছে ইনস্ট্রাগ্রামি স্টোরিতে। পূর্ণিমার জ্যোৎস্রা ভেজা রাতে দ্বীপ রাষ্ট্রের নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন দামিনী। সঙ্গে রয়েছে টেবিলে রকমারি সি-ফুডের সমাহার।

এমনিতেই অভিমন্যু এবং দামিনী, দুজনেই ঘুরতে দারুণ ভালোবাসেন। কখনও রাজস্থান তো কখনও কাশ্মীর- একসঙ্গে ঘুরে বেরিয়েছেন তারা। তাদের সফরসঙ্গী হতে শ্রাবন্তীও ভালোবাসেন তা বেশ স্পষ্ট। মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্কের কথা সবারই জানা। তাদের সম্পর্কের বয়স প্রায় সাড়ে তিন বছর। ছেলের প্রেমিকার সঙ্গে দারুণ ভাব শ্রাবন্তীরও। অভিমন্যুর প্রেমিকা পেশাদার মডেল। সামাজিক মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যাও কম নয়। শুরু থেকেই ছেলের সম্পর্কের ব্যাপারে সমর্থন করেছেন শ্রাবন্তী।

এর আগে স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তী-অভিমন্যু যখন মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তখনও সঙ্গে ছিলেন দামিনী। রোশনের সঙ্গে আইনিভাবে এখনও ডিভোর্স না নিলেও গত বছরের অক্টোবর থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী। তবে বিয়ে টিকিয়ে রাখতে আদালতে মামলা করেছেন রোশন।

বর্তমানে ব্যক্তিগত সব বিতর্ক ভুলে একটু ছুটির মেজাজে রয়েছেন শ্রাবন্তী। শুটিংয়ের কাজ সামলে ছেলের সঙ্গে ঘুরতে বেড়িয়ে পড়েছেন অভিনেত্রী।