‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-উইন্ডিজ’

স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-উইন্ডিজ।

ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে স্যামি বলেন, আমি চাইব ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে খেলুক। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ সেরা দল। ভারতের পরে আমার বাজি ক্রিস গেইলরা। ভারত ফাইনালে না উঠলে ক্যারিবিয়ানদের জয় চাইব।

দীনেশ কার্তিকের মতে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ থেকে উঠতে পারে নেদারল্যান্ডস; তাদের একাধিক ক্রিকেটার ইংল্যান্ডে নিয়মিত খেলছে। এছাড়া শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড চমক দেখাতে পারে।

গ্রুপ বি থেকে মূলপর্বে জায়গা করে নেওয়ার জন্য কার্তিকের বাজি বাংলাদেশ দল।

ড্যারেন বলেন, ইংল্যান্ডের দিকে যদি দেখি ওরা দারুণ খেলছে। ২০১৬ সালে ওরা জিতেছে। ওদের ক্রিকেটাররা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়া এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ওরা নিজেদের উজাড় করে দেবে।