বাবুগঞ্জে হাতুড়িপেটায় গুরুতর আহত আ. লীগ নেতা হাসপাতালে

রূপালী ডেস্ক।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদারকে হাতুরি দিয়ে পিটিয়ে মাথায় যখম করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় ইউনিয়নের রমজানকাঠীর পার্শবর্তী ভরসাকাঠী এলাকায় পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান বলেন, উজিরপুর বাজারে পাট বিক্রি করে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর তালুকদার ফেরার পথে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাকে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত আলমগীরের ভাইয়ের ছেলে স্বপন বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে এ ধরণের হামলা করা হয়েছে। আমি ওই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান ও সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলমগীর। হামলাকারীদের মদদদাতাসহ সকলকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি করছি।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল ভরসাকাঠী উজিরপুর থানা এলাকায় বলে জানতে পেরেছি।