চাটখিলে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যু ১

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীল চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামে মসজিদে নামাজ পড়ার জন্য যাবার সময় রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মোহাম্মদ হেসেন প্রকাশ মধু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ হোসেন মধুর বাড়ি চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

শনিবার (২৮ আগস্ট) ভোররাতে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হোসেন মধু শনিবার ভোররাতে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা করে। মসজিদে যাওয়ার পথে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় অপর ব্যক্তিরা মসজিদে যাবার পথে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) সালমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।