মাদকসহ গ্রেপ্তার ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলি

বিনোদন ডেস্ক।।
বাসায় মাদকদ্রব্য রাখার অভিযোগে বলিউড অভিনেতা এবং সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরমান কোহলির মুম্বাইয়ের জুহুর বাড়িতে তল্লাশি চালানো হয়। কোকেন পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রোববার এই অভিনেতাকে মুম্বাইয়ের নগর আদালতে তোলা হয়।

২০১৩ সালে রিয়েলিটি শো বিগ বসের সপ্তম মৌসুমের প্রতিযোগী ছিলেন আরমান।

মুম্বাইয়ের মাদক পাচার চক্রের হদিস পেতে ‘রোলিং থান্ডার’ অপারেশন চালাচ্ছে এনসিবি। এ অপারেশনে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রে জড়িত বলিউডের অনেকের সঙ্গে আরমানের নামটিও উঠে আসে। এই অভিযানে ইতিমধ্যেই সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিত। এ ছাড়া নাইজেরিয়ার দুই নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও বেআইনি কাজে জড়িয়েছিলেন আরমান। ২০১৮ সালে অভিনেতার বাড়ি থেকে ৪১ টি মদের বোতল উদ্ধার করা হয়েছিল। তখনও ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার এই সহ-অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সূত্র-টাইমস অফ ইন্ডিয়া।