মির্জাগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডে মূলত স্বাধীনতা বিরোধীরাই জড়িত ছিল। জাতির পিতা হত্যার আংশিক বিচার হয়েছে। সামনে যারা ছিল তাদের বিচার করা হয়েছে। কিন্তু নেপথ্যে কারা ছিল? তাদেরও বিচার করতে হবে। কলঙ্কমুক্ত করতে হবে। অন্যথায় সারাজীবন বাঙালিকে এই কলঙ্ক বহন করতে হবে।

সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত নতুন অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট কালোরাতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এবং উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পটুয়াখালী জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ উজ্জ্বল বোস, সদস্য শাহানুর হক বেপারি, উপজেলা আ’লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, যুবলীগের সংগঠনিক সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। যারা মুক্তিযুদ্ধের চেতনার সাথে নাই তাদের আবার রাজনীতি কিসের? বাংলাদেশের রাজনীতি করলে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে যদি রাজনীতি করবেন করতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে এ দেশের মানুষ আপনাদেরকে রাজনীতি করতে দিবে না।